আমাদের পরিচয় এবং প্রত্যয়
আমরা আপনার কথা শুনতে উৎসাহী বন্ধুত্রয়ী। ক্রমবর্ধমান অসহিষ্ণু বিশ্বে সহনশীলতা প্রচারের লক্ষ্যে ‘আমরা তিন বন্ধু’ শুভাকাঙ্খীদের সঙ্গে নিয়ে শুরু করছি ‘আমরা তিনজন শুনি’ নামে এমন একটি প্ল্যাটফর্ম—যার মাধ্যমে সহাবস্থান এবং সংলাপ বৃদ্ধির জন্য বিভিন্ন মত-পথের মানুষের কথা আমরা নিজেরা শুনতে পারবো এবং আপনাদের শোনাতে পারবো বলে মনে করি। আমরা চেষ্টা করবো, বক্তার মুখনিঃসৃত কথা শ্রোতাদের কানে পৌঁছে দিতে—যাতে চিন্তার নতুন দ্বার উন্মোচিত হয় এবং নতুন দিশা পাওয়ার রাস্তা তৈরি হয়।
আমরা শুনতে পারার শক্তিতে বিশ্বাসী, কারণ, একে অপরকে শোনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং পারস্পরিক বোঝাপড়া আমাদের একটি সুন্দর-সহনশীল বিশ্ব উপহার দিতে পারে।
আমরা মূলত বক্তা বা গল্পকার এবং দর্শক-শ্রোতাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবো। এক্ষেত্রে কোনো মত-পথের প্রতি আমাদের পক্ষপাত এবং বিদ্বেষ নেই। যেসকল মানুষের চিন্তা পৃথিবীর জন্য মঙ্গলময় বলে আমরা বিশ্বাস করি, তাদের চিন্তা এবং গল্প আমরা শুনবো এবং আপনাদের শোনাবো। আমরা যেসকল বক্তা এবং শ্রোতাদের সাথে কাজ করবো, তারা সমাজের বিস্তৃত নানান গোষ্ঠী বা পেশার প্রতিনিধি। বুদ্ধিজীবী থেকে কৃষক, শ্রমিক থেকে শিক্ষাবিদ—সকলের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও উপলব্ধি থাকতে পারে বলে আমরা মনে করি এবং তা আমাদেরকে শোনানোর মাধ্যমে চিন্তা বিনিময়ের পথ তৈরি করতে উৎসাহিত করি।
আমাদের চূড়ান্ত গন্তব্য হলো, এমন এক বিশ্ব গঠনে অবদান রাখা, যেখানে পারস্পারিক মতানৈক্য শত্রুতার সৃষ্টি করে না; বরং বিচিত্রতার সৃষ্টি করে এবং সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে জাগিয়ে তুলে। প্রান্তিক এবং শহুরে শিক্ষিত মানুষের কন্ঠস্বরের মেলবন্ধনের মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরির চেষ্টা আমরা সবসময় করে যাবো।

Comments
Post a Comment